৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে: নাহিদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘরের তালা খুলে সেখানে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে, যা আরও দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। একই সঙ্গে তিনি ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকরেরও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না; জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কারও নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা না করায় দ্রুত তা ঘোষণার আহ্বান জানান তিনি।

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তি প্রত্যাশা করছে এনসিপি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970