ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেন, শঙ্কায় আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ম্যাচের আগে করা একটি আলোচিত ভবিষ্যদ্বাণী অবিশ্বাস্যভাবে মিলে যাওয়ায় আবারও আলোচনায় উঠে এসেছেন ঘানার বিতর্কিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম। তিনি দাবি করেছিলেন, শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত হ্যারি কেনের জোড়া গোলে জয় পাবে ইংল্যান্ড। ম্যাচ শেষে সেই ভবিষ্যদ্বাণীর সঙ্গে ঘটনাপ্রবাহের মিল পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তবে এই দাবির সত্যতা বা বৈজ্ঞানিক ভিত্তির কোনো প্রমাণ নেই।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। নবম মিনিটে শানসেল এমবেম্বার দারুণ পাস থেকে ব্রায়ান সিপেঙ্গা গোল করে এগিয়ে দেন কঙ্গোকে। শুরুতেই পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় থ্রি লায়নস।

গোল হজমের পর একের পর এক আক্রমণ চালায় ইংল্যান্ড। ৩০ মিনিটে জুড বেলিংহামের হেড এবং পরে মার্কাস রাশফোর্ডের শট দারুণভাবে সামলে দেন গোলরক্ষক লিওনেল এমপাসি ও কঙ্গোর রক্ষণভাগ। প্রথমার্ধের শেষ দিকে অ্যারন ওয়ান-বিসাকার পাস থেকে ইওয়ান উইসার শট পোস্টে লাগায় বড় বিপদ থেকে রক্ষা পায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে ইংল্যান্ড। অবশেষে ৭৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে হেডে সমতা ফেরান হ্যারি কেন। এরপর ৮৬ মিনিটে গর্ডনের আরেকটি পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে ইংল্যান্ড এবং জায়গা করে নেয় শেষ ষোলোতে। আগামী ৬ জুলাই শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি হবে দলটি।

এই জোড়া গোলের মাধ্যমে ব্যক্তিগত এক মাইলফলকও স্পর্শ করেন হ্যারি কেন। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩, যা ব্রাজিল কিংবদন্তি পেলের ১২ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। চলতি আসরে কেনের গোলসংখ্যা পাঁচ। গোলদাতার তালিকায় তিনি আর্লিং হলান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ছয়টি করে গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

ইংল্যান্ডের এই জয়ের পর আবারও আলোচনায় এসেছে নানা কোয়াকু বনসামের নাম। অতীতে বিভিন্ন বিতর্কিত ভবিষ্যদ্বাণী ও অতিপ্রাকৃত শক্তির দাবি করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন তিনি। এমনকি একসময় হ্যারি কেনকে ‘মন্ত্রবলে’ আটকে দেওয়ার দাবিও করেছিলেন এই তান্ত্রিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ইংল্যান্ডের জয় নিয়ে তার ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার পর এবার নতুন করে আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করেছেন বনসাম। তার দাবি, আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় সকাল ৫টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে বনসাম বলেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে লিওনেল মেসির দল। একমাত্র হারটি এসেছিল ১৯৯০ সালের বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে।

এবারের নকআউট পর্বে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের প্রথম বিশ্বকাপেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে কঠিন গ্রুপ পেরিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। এখন তাদের লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আরও একটি ইতিহাস গড়া।

এখন দেখার বিষয়, নানা কোয়াকু বনসামের বহুল আলোচিত ভবিষ্যদ্বাণী আবারও বাস্তবে রূপ নেয়, নাকি জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে যায় লিওনেল মেসির আর্জেন্টিনা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970