মেসির রেকর্ড নয়, এমবাপের লক্ষ্য শুধু বিশ্বকাপ ট্রফি

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২৫ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুই মহাতারকা—আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের লড়াইয়েও রয়েছেন দুজন। তবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শের সুযোগ থাকলেও ব্যক্তিগত মাইলফলকের চেয়ে শিরোপা জিততেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপে।

বর্তমানে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৯ গোল নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। তার ঠিক পেছনেই ১৮ ম্যাচে ১৮ গোল করে অবস্থান করছেন কিলিয়ান এমবাপে। আর মাত্র একটি গোল করলেই মেসির রেকর্ডে ভাগ বসাতে পারবেন ফরাসি অধিনায়ক। তবে এই অর্জন নিয়ে আপাতত ভাবতে রাজি নন তিনি।

সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচে জোড়া গোল করার পর এমবাপে বলেন, "আগেও বলেছি, আমাদের লক্ষ্য যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। ১৯ জুলাইয়ের ফাইনালে ওঠা এবং আবারও বিশ্বকাপ জেতাই আমাদের মূল উদ্দেশ্য।"

নিজের ধারাবাহিক গোল করার প্রসঙ্গে তিনি বলেন, "আমরা জয়ের জন্য খেলছি এবং ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। বেশি গোল করলে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ গোলদাতার তালিকায় ওপরে উঠে আসা যায়।"

মেসির সঙ্গে ব্যক্তিগত প্রতিযোগিতা নিয়ে এমবাপে বলেন, "আমি নিশ্চিত, লিও আরও গোল করবে। তাই এই রেকর্ড নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ সম্ভাব্য প্রতিপক্ষকে মোকাবিলা করা এবং ফাইনালের আরও কাছে পৌঁছানো।"

আগামী শুক্রবার দিবাগত রাতে শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে শনিবার ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে স্বাগতিক কানাডা অথবা মরক্কোর মুখোমুখি হবে।

শেষ বত্রিশে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। পুরো ম্যাচে শক্ত রক্ষণাত্মক কৌশল অনুসরণ করে ইউরোপের অন্যতম শক্তিশালী দলকে বিদায় করেছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। ফলে ফ্রান্সের বিপক্ষেও একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে তারা।

এমন সম্ভাবনা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। এমবাপে বলেন, "প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে আমরা নিজেদের খেলার আরও বিশ্লেষণ করব। কোথায় উন্নতির সুযোগ আছে, তা খুঁজে বের করব। এখনও কিছু জায়গায় আমরা প্রত্যাশামতো কার্যকর হতে পারিনি।"

তবে পরিসংখ্যান ফ্রান্সকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ২০১৪ সালের বিশ্বকাপের পর থেকে আসরটিতে সবচেয়ে বেশি ৫৩ গোল করেছে ফ্রান্স। একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭টি করে গোল করেছে জার্মানি ও আর্জেন্টিনা।

নিজেদের আক্রমণভাগের শক্তির ওপর আস্থা রেখে এমবাপে বলেন, "সামগ্রিকভাবে আমরা ইতিবাচক অবস্থায় আছি। আমাদের গোল করার সামর্থ্য এমন যে যেকোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারি। সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।"

ব্যক্তিগত রেকর্ড হাতছানি দিলেও এমবাপের কাছে সবচেয়ে বড় লক্ষ্য একটাই—ফ্রান্সকে আবারও বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970