শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।
এই ম্যাচকে ঘিরে আলোচনায় উঠে এসেছে একটি চমকপ্রদ পরিসংখ্যান। ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো জয় পায়নি ব্রাজিল। দুই দলের চারটি মুখোমুখি লড়াইয়ে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র।
এর মধ্যে সবচেয়ে স্মরণীয় জয়টি আসে ১৯৯৮ বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে দুঙ্গা, রোনালদো ও বেবেতোদের ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল নরওয়ে।
তবে শুধু ব্রাজিলই নয়, নরওয়ের বিপক্ষে জয়হীন রয়েছে আর্জেন্টিনাও। দুই দলের এখন পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুটিতেই হেরেছে আর্জেন্টিনা।
প্রথম হারটি আসে ১৯৮৬ সালে, যখন দলের নেতৃত্বে ছিলেন দিয়েগো ম্যারাডোনা। দ্বিতীয় পরাজয় ২০০৭ সালে, লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিকে।
পরিসংখ্যান বলছে, নরওয়ে ছাড়াও আরও পাঁচটি দেশের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। দলগুলো হলো—বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া।
আগামী রোববার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিজেদের ম্যাচে জয় পেলে সেমিফাইনালে নরওয়ের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা।