কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাপে গেয়ে, জাতীয় দল থেকে অবসরের ঘোষণা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২ থেকে নাটকীয় বিদায়ের পর সেনেগাল শিবিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন দলের মিডফিল্ডার পাপে গেয়ে। নিজের এই সিদ্ধান্তের জন্য সরাসরি বর্তমান কোচিং স্টাফকে দায়ী করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ২৭ বছর বয়সী এই ফুটবলার জানান, বর্তমান টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত তিনি জাতীয় দলে ফিরবেন না। তিনি লেখেন, ‘এই বিদায় নিয়ে আপনাদের সঙ্গে পরে আরও কথা বলব। তবে আজ আমি ঘোষণা করছি, বর্তমান টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

বিশ্বকাপের ওই ম্যাচে শুরুতে দারুণ খেলেছিল সেনেগাল। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। চলতি আসরে দুর্দান্ত ছন্দে থাকা পাপে গেয়েও টুর্নামেন্টে দুটি গোল করেছেন। তবে ম্যাচের ৬০ মিনিটের পর কোচ পাপে থিয়াও কৌশলগত পরিবর্তন এনে পাপে গেয়েকে তুলে লামিন কামারাকে মাঠে নামান।

এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। নির্ধারিত সময়ের শেষ চার মিনিটে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্সের গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে আরও বড় ধাক্কা খায় সেনেগাল। বক্সের ভেতরে লামিন কামারার ফাউল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পর্যালোচনায় ধরা পড়লে পেনাল্টি পায় বেলজিয়াম। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ইউরি টিলেমান্স।

২-০ ব্যবধানে এগিয়ে থেকেও এমন নাটকীয় পরাজয় সেনেগালের জন্য বড় হতাশা হয়ে আসে। ম্যাচ শেষে পাপে গেয়ের আকস্মিক সিদ্ধান্তে দলটির ড্রেসিংরুমে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে মতবিরোধের ইঙ্গিতও মিলেছে। বর্তমান কোচিং স্টাফের অধীনে আর জাতীয় দলের হয়ে খেলবেন না বলেই স্পষ্ট জানিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970