পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে নগরীর কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এর প্রায় চার ঘণ্টা আগে তিশা ভবনটির ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ঘটনার সময় মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দিতে পারেননি।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ নাকি অন্য কোনো কারণ এ ঘটনার পেছনে রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970