বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার, নতুন দায়িত্বে মামুন খন্দকার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:১৮ পিএম
বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমনকে প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন এবং ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, খায়রুল আলম সুমনকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়নের কথা জানানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে খায়রুল আলম সুমন বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের ছয়টি সংসদীয় আসনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নির্বাচনকালীন ভাতার অর্থ এবং অতিরিক্ত কেন্দ্র দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ সামনে আসে।
এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসনের অধীন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে গণবদলি করা হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এরপর থেকেই গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন বিদায়ী জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।