মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই পুলিশ সদস্যকে শোকজ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তি ব্যবহার করে ইয়াবাসহ গ্রেপ্তার এক মাদক কারবারির জার্সি পরিবর্তনের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এর আগে সোমবার (২৯ জুন) বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সোমবার বিকেলে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ স্থানীয় শীর্ষ মাদক কারবারি রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনা দলের জার্সি ছিল। পরে পুলিশ সদস্যরা জার্সিটি উল্টো করে পরিয়ে তার ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠান।

অভিযোগ উঠেছে, এরপর এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালভাবে ওই ছবিতে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিল দলের জার্সি বসিয়ে তা গণমাধ্যমে সরবরাহ করা হয়। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং ব্রাজিল সমর্থকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত ছবি ও সঠিক তথ্য বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে পুনরায় পাঠানো হয়।

সূত্র জানায়, অভিযুক্ত এসআই তানজিল আহমেদ নিজেও আর্জেন্টিনা দলের সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে বিএমপির মিডিয়া উইংয়ে দায়িত্ব পালন করছেন।

এদিকে, এসআই তানজিল আহমেদ দাবি করেছেন, তিনি ঘটনাটি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। একই সঙ্গে দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন জানান, পুলিশ কমিশনার মঙ্গলবার অভিযুক্ত এসআইকে নিজ দপ্তরে তলব করেন এবং তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে মিডিয়া উইং থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শোকজের জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970