এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরিয়ে দিল পুলিশ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:২৯ পিএম
বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি প্রকাশের অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
জানা যায়, বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্পাদিত ছবিটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ব্রাজিল সমর্থকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভুল সংশোধন করে আসল ছবি ও তথ্য পুনরায় মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়।
এ বিষয়ে বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানান, বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটকের সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল।
পরে কাউনিয়া থানা পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়। অভিযোগ রয়েছে, সেখানেই এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালভাবে ছবিটি সম্পাদনা করা হয় এবং আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি যুক্ত করা হয়।
সম্পাদিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে গণমাধ্যমকর্মীরা বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদের নজরে আনলে দ্রুত ভুল সংশোধন করে আসল ছবি ও সঠিক তথ্য প্রকাশ করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার আরেক আসামি আঁখি (৩২) পালিয়ে যান। দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে আঁখির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলায় আটক রাসেল হাওলাদার ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।