পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে মিডিয়া নীতিনির্ধারকদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:২৪ পিএম
‘সমষ্টি’ ও ‘সিনারগোস’-এর যৌথ উদ্যোগে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চিতে “পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধসহ শিশুর সার্বিক বিকাশ ও সুরক্ষা” বিষয়ক এক উচ্চপর্যায়ের মিডিয়া নীতিনির্ধারক ও গেটকিপারদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শিশুমৃত্যুর অন্যতম প্রধান কিন্তু প্রতিরোধযোগ্য এই কারণটি মোকাবিলায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা তুলে ধরতেই এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শীর্ষ নীতিনির্ধারক, সিনিয়র সাংবাদিক এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভার সঞ্চালনা করেন মীর মাসরুরুজ্জামান, নির্বাহী পরিচালক, ‘সমষ্টি’ এনজিও। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন:
“বাংলাদেশে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার উদ্বেগজনক, অথচ এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। গণমাধ্যম যদি সচেতনতা তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখে, তবে অভিভাবক ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সতর্কতা বাড়বে। শিশুর সার্বিক বিকাশের জন্য শুধু শিক্ষা ও পুষ্টি নয়, প্রয়োজন একটি নিরাপদ জীবন-পরিবেশ। এই লক্ষ্য পূরণে নীতিনির্ধারক ও মিডিয়া গেটকিপারদের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।”
সভায় শিশুসুরক্ষা আইন বাস্তবায়ন, সংবাদমাধ্যমে শিশুবান্ধব কনটেন্ট তৈরির কৌশল, এবং পানিতে ডুবে মৃত্যু কমানোর জন্য সচেতনতামূলক প্রচারাভিযান জোরদারকরণ বিষয়ক বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আগামী দিনে এ বিষয়ে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং শিশুদের নিরাপত্তায় মিডিয়াকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ‘সমষ্টি’ দীর্ঘদিন ধরে শিশু ও নারীর অধিকার এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করে আসছে। অন্যদিকে ‘সিনারগোস’ আন্তর্জাতিক একটি উন্নয়ন সহযোগী সংস্থা, যা স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বে টেকসই সমাধান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।