চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:১৭ পিএম
রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
রাফির চাচা মো. নুর হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার পর তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১০ জুন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
এর আগে, ৯ জুন রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে যাওয়ার সময় রাফিকে লক্ষ্য করে এক তরুণ ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। পরে মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর হামলায় জড়িত ব্যক্তিরাই তাকে রিকশাযোগে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।