মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপির ছেলে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৩০ পিএম
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল রোববার দুপুরে নিজ বাসা থেকে সজীবকে আটক করে পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হয়েছে।
এদিকে খাইরুল ইসলাম সজীব জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সম্প্রতি তাকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সজীবের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।