চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৫৭ এএম
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় তাকে ঢাকার মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, দুই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে সজীবের বিরুদ্ধে। অভিযোগকারীদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বিভিন্ন অনিয়ম এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না। পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।