সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশেই পড়েছিল লাল শাড়ি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২৫ পিএম
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, মরদেহের কাছেই লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল।
সোমবার (২২ জুন) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, সকালে পথচারীরা মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এ সময় মরদেহের পাশেই বিয়েতে ব্যবহৃত লাল রঙের একটি শাড়ি পড়ে থাকতে দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা।
কামারখন্দ থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনার ফল—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে অবহিত করা হয়েছে।