ধানমন্ডি ২৭ নম্বরে বহুতল ভবনে আগুন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:০১ পিএম
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হসপিটালের পাশের পাঁচতলা একটি ভবনের ছাদের কক্ষে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাত মসজিদ রোডের ওই পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে আগুন লাগে। ভবনটিতে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা এ ঘটনায় কোনো হতাহতের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ চলছে।