হবিগঞ্জে ডাম্প ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:২১ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবপুর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে ও সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) এবং বেঙ্গাডোবা গ্রামের মৃত কামরুল হাসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।
আহতরা হলেন বেঙ্গাডোবা গ্রামের তাকলিমা বেগম (৪০), লাওয়া মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫) এবং আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াপাড়া থেকে যাত্রী নিয়ে মাধবপুরের দিকে যাচ্ছিলেন সিএনজি চালক আক্কাছ মিয়া। পথে সংযোগ সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার পর দক্ষিণ বেজুড়া এলাকার একটি ব্রিজে সিলেটগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আক্কাছ মিয়ার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে তাকলিমা বেগম ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।