রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নেট দুনিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম
রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছে খাইরুল দেওয়ান নামটি। ফেসবুক ও ইউটিউবজুড়ে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের পর বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের পোস্টের মন্তব্যের ঘরে অসংখ্য নেটিজেন রাষ্ট্রপতি হিসেবে খাইরুল দেওয়ানকে দেখতে চাওয়ার কথা লিখছেন।
এই আলোচনার সূত্রপাত অবশ্য নতুন নয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচনের সময় খাইরুল দেওয়ান নিজেও এ পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে নির্বাচন কমিশন তাকে মনোনয়নপত্র দেয়নি। এর প্রতিবাদে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে আরও তিনজনের সঙ্গে মানববন্ধন করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে আইনি লড়াইয়ের ঘোষণাও দিয়েছিলেন।
মনোনয়ন না পেলেও নিজের অবস্থান থেকে সরে আসেননি খাইরুল দেওয়ান। পরবর্তীতে সংবাদ সম্মেলন, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি এবং ব্যানার হাতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দাবি করতে থাকেন। তার এসব কর্মকাণ্ড এবং বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি নেটিজেনদের কাছে হাস্যরস ও ট্রলের অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়। একই সঙ্গে বিভিন্ন সময়ে তার ওপর হামলার শিকার হওয়ার দাবিও আলোচনায় আসে।
এরপর তিনি ‘স্বঘোষিত জনকল্যাণ পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। ওই দলের ব্যানারে রাজধানীর পল্টন মোড়, তোপখানা রোড, হাইকোর্ট এলাকা ও গুলিস্তানসহ বিভিন্ন স্থানে নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তুলে ধরে বক্তব্য দেন। পরে রাষ্ট্রপতির পদ শূন্য না থাকায় তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার আগ্রহের কথাও গণমাধ্যমকে জানান।
ক্রমাগত এসব কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে রসিকতার ছলে ‘রাষ্ট্রপতি পদপ্রার্থী নেতা’ এবং পরে ‘প্রিয় নেতা’ নামে ডাকতে শুরু করেন। বর্তমানে রাষ্ট্রপতি পদ নিয়ে কোনো আলোচনা শুরু হলেই মন্তব্যের ঘরে খাইরুল দেওয়ানের নাম উল্লেখ করে নানা ধরনের রসাত্মক মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের।
ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে জানা যায়, খাইরুল দেওয়ানের পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। মুক্তিযুদ্ধের পর সেই বাড়ি ভেঙে যায়। তার বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় দেশের বিভিন্ন জেলা ও থানার সরকারি কোয়ার্টারে বেড়ে ওঠেন তিনি। বর্তমানে তার স্থায়ী ঠিকানা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর কুচিয়ামোড়া এলাকায়।