আওয়ামী লীগ ফিরে এসেছে, দেখো নাই: মাহফুজ আলম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০১:০২ পিএম

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনার মধ্য দিয়েই দলটির ‘ফিরে আসা’ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টের শুরুতে মাহফুজ আলম প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগ ফিরে এসেছে, দেখো নাই?’ এরপর তিনি লেখেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি ‘ধর্মতত্ত্ব’। সেই জায়গা থেকেই দলটির পুনরুত্থান ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, ২০২৪ সালের ঘটনাপ্রবাহকে ১৯৭১ সালের চেতনার বিপরীতে দাঁড় করানোর মধ্য দিয়েই আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হয়েছে। একই সঙ্গে ডানপন্থীদের উত্থান, মব সংস্কৃতি এবং আইনের শাসনের দুর্বলতাকেও এজন্য দায়ী করেন তিনি।

মাহফুজ আলম বলেন, মাজারে হামলা, ভিন্নমতাবলম্বীদের ওপর চাপ সৃষ্টি এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় অনেকের নীরবতা আওয়ামী লীগের অবস্থানকে শক্তিশালী করেছে।

এছাড়া সেক্যুলার বা ধর্মনিরপেক্ষ মূল্যবোধে বিশ্বাসীদের মধ্যে ভয় তৈরি হওয়া, উগ্রবাদীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং ‘মবস্টারদের’ নায়ক বানানোর সংস্কৃতিও আওয়ামী লীগের পুনরুত্থানে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সাবেক এই উপদেষ্টা বলেন, কাঙ্ক্ষিত সংস্কারের পরিবর্তে সীমিত উদ্যোগ ও ঐকমত্য কমিশনের মতো প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতকে ঘিরে রাজনৈতিক সমীকরণ তৈরির অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলন বিপ্লবী রাজনৈতিক শক্তিতে রূপ না নিয়ে ‘লুম্পেন’ চরিত্রের ক্লাব ও মব সংস্কৃতিতে পরিণত হয়েছে। পাশাপাশি গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক প্রভাবের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগও করেন তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম আরও উল্লেখ করেন, নতুন মিডিয়ার অনুমোদনে বাধা, প্রশাসননির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নির্দিষ্ট আদর্শের লোকদের প্রভাব বিস্তার আওয়ামী লীগের ফিরে আসাকে ত্বরান্বিত করেছে।

সবশেষে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, ‘লীগ ফিরত আসবে। কারণ, সব দোষ মাহফুজ আলমের।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970