সায়নী ঘোষের ‘মাথার দাম’ ১ কোটি টাকা ঘোষণা, বিতর্কে বিজেপি নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০১:১৪ পিএম
তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির এক নেতার বিরুদ্ধে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে উত্তর প্রদেশের বুলন্দশহরের সিকান্দরাবাদের পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতকে সায়নী ঘোষের ‘শিরশ্ছেদকারীকে’ ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূলের এই সাংসদ। এক্সে দেওয়া পোস্টে সায়নী ঘোষ বলেন, প্রকাশ্যে তার মাথার দাম ঘোষণা করা হয়েছে দেখে তিনি বিস্মিত।
এ ঘটনায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নারীর নিরাপত্তা ও ‘নারী শক্তি বন্দন’-এর কথা বলা সরকারের অবস্থান কি এটাই।
সায়নী ঘোষ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় নারীর নিরাপত্তা নিয়ে সরব থাকা বিজেপির এক নেতা এখন প্রকাশ্যে একজন নারী সংসদ সদস্যকে হত্যার হুমকি দিচ্ছেন। তিনি কোলকাতা পুলিশ ও উত্তর প্রদেশ পুলিশের হস্তক্ষেপও কামনা করেন।
জানা গেছে, শিবলিঙ্গ নিয়ে সায়নী ঘোষের ২০১৫ সালের একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক শুরু হয়। সে সময় কয়েকটি হিন্দু সংগঠন অভিযোগ করেছিল, ওই পোস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তবে পরে সায়নী ঘোষ দাবি করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর পোস্টটি মুছে ফেলা হয়।
সাম্প্রতিক পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে বিষয়টি আবারও আলোচনায় আসে। গত রোববার সিকান্দরাবাদে এ নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
তবে বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হয়েছে।