মেসিকে বিশ্বকাপ জেতাতে মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার লড়াই দেখতে মাঠে উপস্থিত থাকছেন না দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বরং আগের সব ম্যাচের মতো এবারও সরকারি বাসভবন অলিভোস থেকেই খেলা উপভোগ করবেন তিনি। তার বিশ্বাস, এই রীতিই আর্জেন্টিনার জন্য সৌভাগ্য বয়ে আনছে।
আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ। তবে নিউইয়র্কে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিলেই। টুর্নামেন্টে আর্জেন্টিনার আগের সাতটি ম্যাচও তিনি সরকারি বাসভবন থেকেই দেখেছেন এবং প্রতিবারই দল জয় পেয়েছে। তাই চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্নপূরণে নিজের ‘লাকি টোটকা’ বদলাতে রাজি নন তিনি।
রেডিও এল অবজারভেদর-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই বলেন, কোনো অবস্থাতেই তিনি তার সৌভাগ্যের এই অভ্যাস ভাঙবেন না। আগের সব ম্যাচের মতো ফাইনালও অলিভোস থেকেই দেখবেন।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ফাইনাল দেখতে তিনি কি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যাবেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত থাকার কথা রয়েছে।
জবাবে তিনি বলেন, ‘আমি সব ম্যাচের মতো এবারও অলিভোসে বসেই খেলা দেখব।’
মিলেই জানান, কুসংস্কার বা সৌভাগ্যের বিশ্বাস থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে আর্জেন্টিনায় শীতকাল চলছে। তাই ঘরের গরম করার ব্যবস্থা চালু না করে একটি তেল কোম্পানির নাম লেখা মোটা জ্যাকেট পরে থাকেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গরম লাগায় একবার জ্যাকেট খুলে ফেলেছিলেন, আর ঠিক তখনই প্রতিপক্ষ গোল করে। পরে আবার জ্যাকেটটি পরে নেন এবং এরপর আর কখনও তা খোলেননি।
বিশ্বজুড়ে বহু সমর্থক ও খেলোয়াড়ের মতো আর্জেন্টিনাতেও এমন নানা সৌভাগ্যের বিশ্বাস প্রচলিত। বিশেষ করে দেশটিতে এসব রীতিকে বলা হয় ‘কাবালা’, যা জাতীয় ফুটবল দলের প্রতি মানুষের গভীর আবেগ ও বিশ্বাসের প্রতীক।
অনেক আর্জেন্টাইন সমর্থক মনে করেন, দল জিততে থাকলে একই পোশাক পরে খেলা দেখা, পুরো টুর্নামেন্টজুড়ে জার্সি না ধোয়া কিংবা প্রতিটি ম্যাচ একই জায়গায় বসে দেখার মতো অভ্যাস সৌভাগ্য বয়ে আনে। এমনকি কারও কারও বিশ্বাস, দলের গোলের সময় যদি তিনি বাথরুমে থাকেন, তাহলে পরের ম্যাচেও একই সময়ে সেখানে থাকতে হবে, নইলে সৌভাগ্য নষ্ট হতে পারে।