স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে ট্রফি? জানালো সুপার কম্পিউটার
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম
বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে এই দুই ফুটবল পরাশক্তির মুখোমুখি হওয়ায় সমর্থকদের মধ্যে বিরাজ করছে তুমুল উন্মাদনা।
শিরোপা কার হাতে উঠবে এ নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। এরই মধ্যে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটা। তাদের সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে রয়েছে স্পেন।
অপটার বিশ্লেষণে স্পেনের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৯ দশমিক ৪ শতাংশ। এছাড়া ম্যাচ অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫ দশমিক ৪ শতাংশ।
তবে এই পূর্বাভাস নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ভিন্নমত। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপটার বেশ কয়েকটি পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মিললেও সেমিফাইনালে তাদের হিসাব পুরোপুরি সফল হয়নি। তাই আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই মনে করছেন, পরিসংখ্যান নয়, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে চ্যাম্পিয়নের নাম।
বিশ্বকাপের ইতিহাসে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন।
একদিকে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগ, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা তরুণ স্প্যানিশ দলের আত্মবিশ্বাস সব মিলিয়ে ফাইনাল ম্যাচটি ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
পরিসংখ্যান স্পেনকে কিছুটা এগিয়ে রাখলেও ফুটবলে শেষ কথা বলে মাঠের লড়াই। তাই শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠবে, সেই উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশি বাজার পরই।