পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পেশাগত নিবন্ধন এবং নির্ধারিত কর্মপরিধির আলোকে সীমিত পরিসরে প্র্যাকটিসের সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীতে মহাসমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছেন চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা।
আজ বুধবার (১৫ জুলাই) সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ ডেন্টাল পরিষদ’-এর উদ্যোগে এই জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে একটি পদযাত্রা বের করেন।
আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডেন্টাল অনুষদের শিক্ষার্থীসহ দেশের জেলা-উপজেলা পর্যায় থেকে আগত প্রায় পাঁচ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী ও পেশাজীবী এই কর্মসূচিতে অংশ নেন।
মহাসমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদিত ও স্বীকৃত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্স রাষ্ট্র নিজেই চালু করেছে। রাষ্ট্রীয় কারিকুলাম অনুযায়ী শিক্ষা, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ শেষে সনদ এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই জনবল নিয়োগও দেওয়া হয়েছে। এমনকি স্বাস্থ্য অধিদপ্তর দশটি সুনির্দিষ্ট কাজের ওপর তাদের কর্মপরিধি (স্কোপ অব ওয়ার্ক) নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরে বিএমডিসির পেশাগত নিবন্ধন এবং প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে হাজার হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী চরম কর্মসংস্থান সংকট, পেশাগত বৈষম্য ও জীবনযাত্রার অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন।
এছাড়াও কোর্সের নামের সাথে সিলেবাসের অসংগতি থাকায় বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রেও তারা নানা জটিলতায় পড়ছেন বলে উল্লেখ করেন বক্তারা।
মহাসমাবেশে সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সমযোগ্যতাসম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা (ম্যাটস) বিএমডিসি আইন-২০১০ এর ১৫ ধারা এবং পঞ্চম তফসিলে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এমনকি বিএমডিসি আইন-১৯৮০ এর ১৫(৩) ধারা অনুযায়ী কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র জীবিকা নির্বাহের তাগিদে একটি বড় জনগোষ্ঠীকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং তা এখনো নবায়ন করা হচ্ছে। অথচ চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা সংবিধানের অনুচ্ছেদ ১৯, ২৬, ২৭ ও ৪০ এর পরিপন্থী।’
তিনি বলেন, অনতিবিলম্বে বিএমডিসি আইন ২০১০-এর ৩৫ ধারার অনুকূলে তফসিল সংশোধন করার অথবা ৩৬ ধারার অনুকূলে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য নতুন বিধি প্রণয়নের দাবি করতে হবে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো. মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমট্যাব) মহাসচিব বিপ্লবুজ্জামান, সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষার, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম মহাসচিব আইনুল হকসহ পেশাজীবী ও ছাত্র নেতৃবৃন্দ।