সুপার কম্পিউটারের হিসাবে বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে ফ্রান্স, এরপর স্পেন
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। টুর্নামেন্টে ১০০টি ম্যাচ শেষ হওয়ার পর বিদায় নিয়েছে ৪৪টি দল। নানা নাটকীয়তা, রোমাঞ্চ আর অপ্রত্যাশিত ফলাফলের পর সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড।
বিশ্বকাপের ইতিহাসে শেষ চার আসরের মধ্যে তিনটির শিরোপা জিতেছে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ শিরোপা আসে ১৯৬৬ সালে। প্রায় ছয় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখছে দলটি। এর আগে ১৯৭০ ও ১৯৯০ সালের পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা চারটি দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তাদের হিসাব অনুযায়ী, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭ দশমিক ০৭ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ।
সম্ভাবনার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দলটির ফাইনালে খেলার সম্ভাবনা ধরা হয়েছে ৪২ দশমিক ০৩ শতাংশ, আর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৩ দশমিক ০৪ শতাংশ।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ২০ দশমিক ০৬ শতাংশ। একই সঙ্গে লিওনেল মেসিদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯ দশমিক ০১ শতাংশ।
অন্যদিকে দীর্ঘদিনের শিরোপা-খরা কাটানোর অপেক্ষায় থাকা ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ০৯ শতাংশ। তবে শিরোপা জয়ের সম্ভাবনার হিসাবে তারা রয়েছে তৃতীয় স্থানে, যেখানে তাদের সম্ভাবনা ২১ দশমিক ০৯ শতাংশ।