অভিষেক ম্যাচে নিজে মাঠে নামার ৪৭ সেকেন্ডে লাল কার্ড পান মেসি
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:২৬ এএম
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অবাক করার বিষয় হলো, জাতীয় দলের হয়ে দুই দশকেরও বেশি সময় খেলার পরও কখনো থ্রি লায়নদের বিপক্ষে খেলার সুযোগ হয়নি এই বিশ্বকাপজয়ী তারকার।
তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল মেসির। ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল তার। কিন্তু সেই ম্যাচেই বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখেন তিনি।
ওই লাল কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন মেসি। ফলে একই বছরের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইংল্যান্ড-আর্জেন্টিনা প্রীতি ম্যাচে তার খেলা হয়নি। সেই ম্যাচে মাইকেল ওয়েনের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
অবশেষে প্রায় ২১ বছর পর প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালও হতে যাচ্ছে। অফিসিয়াল ও প্রীতি ম্যাচ মিলিয়ে জাতীয় দলের হয়ে এত দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম ইংলিশদের বিপক্ষে খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ১৯৬২ ও ১৯৬৬ সালের আসরে জয় পেয়েছিল ইংল্যান্ড। এরপর ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘শতাব্দীর সেরা গোল’-এর সৌজন্যে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।
১৯৯৮ সালের বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ডের পর টাইব্রেকারে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে ২০০২ বিশ্বকাপে বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতে সেই পরাজয়ের প্রতিশোধ নেয় ইংল্যান্ড। এরপর ২০০৫ সালের প্রীতি ম্যাচের পর দীর্ঘ সময় আর মুখোমুখি হয়নি দুই ফুটবল পরাশক্তি।