অবশেষে রেফারিং বিতর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল ফিফা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ের পর রেফারিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মিশরের কোচ হোসাম হাসান ও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগের পর এ নিয়ে মুখ খুলেছেন ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কোলিনা।

বৃহস্পতিবার ফিফার প্রকাশিত এক সাক্ষাৎকারে কোলিনা ম্যাচ পরিচালনায় পক্ষপাতিত্বের সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ফুটবলীয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু রেফারিদের সততা ও নৈতিকতা নিয়ে ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়।

মিশরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ম্যাচ পরিচালনায় অদৃশ্য চাপ ছিল। এ বিষয়ে কোলিনা বলেন, বিশ্বকাপের ম্যাচ পরিচালনাকারী রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও কোনো রেফারির সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেন না।

তিনি আরও বলেন, খেলোয়াড় ও কোচদের মতো রেফারিরাও সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ভিত্তিহীন অভিযোগের কারণে শুধু রেফারিরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারেন।

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিল। প্রথম অভিযোগ ছিল, আর্জেন্টিনার গোলের আগে আক্রমণের সূচনায় ফাউলের সিদ্ধান্ত ভুল ছিল। এ প্রসঙ্গে কোলিনা জানান, আক্রমণ গড়ে ওঠার সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেসকে মিশরের মারওয়ান আতিয়া ফাউল করেছিলেন। মাঠের রেফারি সেটি দেখতে না পেলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) হস্তক্ষেপ করার পূর্ণ অধিকার ছিল এবং সেটি নিয়ম অনুযায়ী হয়েছে।

দ্বিতীয় অভিযোগ ছিল, ম্যাচের নির্ধারক গোলের আগে বক্সের ভেতরে মোহাম্মদ সালাহকে ফাউল করা হলেও পেনাল্টি দেওয়া হয়নি। এ বিষয়ে কোলিনা বলেন, ডিফেন্ডার যদি আগে বলে স্পর্শ করেন এবং পরে খেলোয়াড়ের সঙ্গে স্বাভাবিক সংঘর্ষ হয়, তাহলে সেটিকে ফাউল হিসেবে গণ্য করা হয় না। রেফারি ও ভিএআর উভয়েই সালাহ এবং হুলিয়ান আলভারেজের মধ্যকার ঘটনাকে স্বাভাবিক ফুটবলীয় সংস্পর্শ হিসেবে মূল্যায়ন করেছেন। তাই পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।

কোলিনা স্বীকার করেন, ফুটবলের কিছু সিদ্ধান্ত পরিস্থিতিভেদে ভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে চলমান বিশ্বকাপে ভিএআর ব্যবহারের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে এবং এ নিয়ে ফিফার রেফারিং কমিটি সন্তুষ্ট বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970