র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারোর বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে!

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে শিরোপা জয়ের পথে সাধারণত একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর কঠিন চ্যালেঞ্জ থাকে। তবে ২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রাপথ ভিন্ন চিত্রই তুলে ধরছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফাইনালে ওঠার আগে পর্যন্ত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নাও হতে পারে লিওনেল স্কালোনির শিষ্যদের। বিষয়টি ঘিরে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলেছে আলজেরিয়া (৩৩), অস্ট্রিয়া (২৩) ও জর্ডানের (৬৩) বিপক্ষে। এরপর নকআউট পর্বে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে (৬৯) এবং শেষ ষোলোতে মিশরকে (৩২) হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যাদের বর্তমান ফিফা র‌্যাঙ্কিং ১৯। আর যদি নরওয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে এবং আর্জেন্টিনাও নিজেদের ম্যাচ জিতে যায়, তাহলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ৩০তম স্থানে থাকা নরওয়ে।

এমন পরিস্থিতিতে ফাইনালে ওঠার আগ পর্যন্ত আর্জেন্টিনাকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে না। এই সম্ভাবনাই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

অনেকের মতে, এটি পুরোপুরি ড্র এবং নকআউট পর্বের স্বাভাবিক সমীকরণের ফল। আবার কেউ কেউ মনে করছেন, সাম্প্রতিক সময়ের অন্যতম সহজ পথ পেয়েই ফাইনালের খুব কাছে পৌঁছে যাচ্ছে আর্জেন্টিনা।

তবে ফুটবলের বাস্তবতা বলছে ভিন্ন কথা। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নকআউট পর্বের কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ম্যাচেই তার প্রমাণ মিলেছে। ওই ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। পরে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ প্রতিপক্ষের গড় ফিফা র‌্যাঙ্কিং প্রায় ৪৪। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ ফাইনালের পথে এখনও পর্যন্ত শীর্ষ ২০-এর কোনো দলের বিপক্ষেও খেলেনি আর্জেন্টিনা।

এখন নজর থাকবে কোয়ার্টার ফাইনাল ও সম্ভাব্য সেমিফাইনালে। এই দুই বাধা পেরিয়ে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছে যায়, তাহলে তাদের ‘সহজ পথ’ নিয়ে বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, বিশ্বকাপের ইতিহাসে শিরোপার মঞ্চে ওঠার আগে শীর্ষ ১৫ র‌্যাঙ্কিংয়ের কোনো দলের মুখোমুখি না হওয়ার ঘটনা সত্যিই বিরল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970