ভিনিসিয়ুস নয়, গুইমারেস কেন পেনাল্টি নিলেন? জানালেন আনচেলত্তি

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর হতাশ মুখে সংবাদ সম্মেলনে হাজির হন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের শুরুতেই পাওয়া গুরুত্বপূর্ণ পেনাল্টি থেকে গোল করতে না পারায় ব্রাজিলের ছন্দ নষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি। একই সঙ্গে কেন ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে ব্রুনো গুইমারেসকে পেনাল্টি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটিও ব্যাখ্যা করেন এই ইতালীয় কোচ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু ব্রুনো গুইমারেস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে সেই সুযোগ হাতছাড়া হয়। এরপর থেকেই দলের আত্মবিশ্বাসে কিছুটা প্রভাব পড়ে বলে মনে করেন অনেকেই। মাঠে ভিনিসিয়ুস জুনিয়র, ক্যাসিমিরোর মতো অভিজ্ঞ ফুটবলার থাকার পরও কেন গুইমারেস পেনাল্টি নিলেন—এ প্রশ্ন ছিল সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দু।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নেইমার সবার আগে। এরপর রাফিনিয়া। তবে ওই সময়ে মাঠে যারা ছিল, তাদের মধ্যে ব্রুনোই ছিল সেরা বিকল্প। তাই দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল।’

আনচেলত্তি আরও জানান, ম্যাচে কে কোন ক্রমে পেনাল্টি নেবেন, তা আগেই কোচিং স্টাফের আলোচনায় নির্ধারণ করা হয়েছিল। সেই তালিকায় ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির আগেই ছিলেন ব্রুনো গুইমারেস। আর যারা তার আগে ছিলেন, তারা তখন মাঠে উপস্থিত ছিলেন না।

ষষ্ঠ বিশ্ব শিরোপার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নেমেছিল ব্রাজিল। তবে শেষ ষোলো পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এমন ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ আনচেলত্তি।

তিনি বলেন, ‘এটি সত্যিই হতাশাজনক। সমর্থকদের মতো আমরাও ভীষণ হতাশ ও দুঃখিত।’

ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘খেলা যখন সমতায় ছিল, তখন আমরা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। শেষ পর্যন্ত সেটিই পার্থক্য গড়ে দিয়েছে।’

দ্বিতীয়ার্ধে এন্ড্রিক ও নেইমার মাঠে নামার পর ব্রাজিলের আক্রমণের গতি বাড়লেও গোলের দেখা মেলেনি। বিশেষ করে গোলরক্ষকের মুখোমুখি হয়েও একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন এন্ড্রিক।

এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘এন্ড্রিক মাঠে নামার পর আমরা আক্রমণভাগে আরও সক্রিয় ছিলাম। বলের নিয়ন্ত্রণও ছিল আমাদের কাছেই। কিন্তু এত কিছুর পরও গোল করতে পারিনি।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970