হালান্ড ঝড়ে ব্রাজিলের হেক্সা স্বপ্ন শেষ, কোয়ার্টারে নরওয়ে

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি সেলেসাওরা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ ১০ মিনিটে জোড়া গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় এনে দেন আর্লিং হালান্ড। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। চতুর্থ মিনিটেই ব্রাজিলের জালে বল পাঠিয়েছিল নরওয়ে। তবে অফসাইডের কারণে প্যাটট্রিক বার্গের গোলটি বাতিল করেন রেফারি।

১০তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ব্রাজিল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি পায় দলটি। কিন্তু ব্রুনো গুইমারেসের নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

এরপর প্রথমার্ধের বাকি সময় ম্যাথিউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিসহ ব্রাজিলের একাধিক আক্রমণ নরওয়ের রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় ব্যর্থ হয়। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বাড়ে। ৫৮তম মিনিটে এন্দ্রিককে মাঠে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নেমেই ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল থেকে দারুণ একটি সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন এই তরুণ ফরোয়ার্ড।

এরপর ৬২তম মিনিটে রায়ানের শক্তিশালী শটও রুখে দেন নাইল্যান্ড। পরের মিনিটে আরেকটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন গুইমারেস। ৬৭তম মিনিটে নেইমার ও দানিলোকে মাঠে নামিয়ে আক্রমণ আরও জোরদার করার চেষ্টা করেন আনচেলত্তি।

তবে ম্যাচের ৭৯তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। দুর্দান্ত এক হেডে ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করে স্টেডিয়ামজুড়ে নীরবতা নামিয়ে আনেন তিনি।

এরপর ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া হালান্ডের শক্তিশালী শট জড়িয়ে যায় ব্রাজিলের জালে। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে সেটি শুধুই ব্যবধান কমানোর জন্য যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে নরওয়ে, আর বিদায়ের বেদনায় মাঠ ছাড়ে ব্রাজিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970