রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-নরওয়ে, মুখোমুখি হালান্ড-ভিনিসিউস

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০১ এএম

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের উদীয়মান দল নরওয়ে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ দুই দলের দুই তারকা ফরোয়ার্ড—ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র ও নরওয়ের আর্লিং হালান্ড। দুজনই দুর্দান্ত ফর্মে থাকায় জমে উঠতে পারে হাড্ডাহাড্ডি লড়াই।

অতীত পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে নয়। নরওয়ের বিপক্ষে চারবার মুখোমুখি হলেও একবারও জয়ের দেখা পায়নি সেলেসাওরা। দুটি ম্যাচে হার এবং দুটি ড্র করেছে তারা। তাই পঞ্চম দেখায় সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে এবং মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। পরে রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

অন্যদিকে, ইরাক ও সেনেগালকে হারিয়ে এবং ফ্রান্সের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে নরওয়ে। এরপর আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট ইতিহাসে প্রথম জয় তুলে নেয় দলটি।

নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড। অভিষেক বিশ্বকাপেই ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার পাঁচ গোল করে দলের আক্রমণের মূল শক্তিতে পরিণত হয়েছেন। তার সঙ্গে আক্রমণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

ব্রাজিলের আক্রমণের নেতৃত্বে রয়েছেন ভিনিসিউস জুনিয়র। এবারের বিশ্বকাপে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। পাশাপাশি ২০০২ সালের রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টানা তিনটি গ্রুপ ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন এই ফরোয়ার্ড। উল্লেখ্য, ২০০২ সালেই সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল।

নরওয়ের কোচ স্তালে সলবাক্কেন, যিনি ১৯৯৮ সালে ব্রাজিলকে হারানো দলের সদস্য ছিলেন, এবারও চমক দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। তার মতে, ব্রাজিল ফেভারিট হলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে নরওয়ে।

পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে অবশ্য এগিয়ে ব্রাজিল। নির্ধারিত সময়ে তাদের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২২ দশমিক ৪ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।

সম্ভাব্য একাদশ-

ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস; গিমারায়েস, ক্যাসেমিরো, মার্তিনেল্লি; রায়ান, কুনহা ও ভিনিসিউস জুনিয়র।

নরওয়ে (৪-৩-৩): নিয়াল্যান্ড; পেডারসেন, আজের, হেগেম, মোলার উলফে; ওডেগার্ড, বের্গে, বার্গ; সোরলথ, হালান্ড ও নুসা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970