এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না: আফসোস ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া এক ভাষণে আবারও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাষণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, বিশ্বে সবচেয়ে বেশি অলিম্পিক পদক ও নোবেল পুরস্কার অর্জন করেছে যুক্তরাষ্ট্র। এরপর রসিকতার ভঙ্গিতে তিনি বলেন, “তবে আমাকে এখনো একটি নোবেলও দেওয়া হয়নি।”

ট্রাম্পের দাবি, তিনি আটটি যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা তার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই তিনি প্রকাশ্যে নিজেকে এ সম্মানের যোগ্য বলে দাবি করে আসছেন। চলতি বছরের জানুয়ারিতেও তিনি বলেছিলেন, ইতিহাসে তার চেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কারের দাবিদার আর কেউ নেই বলে তিনি মনে করেন।

এদিকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। পরে তিনি প্রতীকীভাবে নিজের পদক ট্রাম্পকে দেওয়ার ঘোষণা দিলে নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, এটি কেবল প্রতীকী উদ্যোগ। আনুষ্ঠানিকভাবে পুরস্কারের মর্যাদা ও স্বীকৃতি কেবল কমিটি ঘোষিত বিজয়ীর সঙ্গেই যুক্ত থাকবে।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, নিজের কূটনৈতিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার অর্জনের ইচ্ছা পোষণ করে আসছেন ট্রাম্প। গত বছরের আগস্টে ট্রাম্প প্রশাসনের সাবেক এক সহকারীও মন্তব্য করেছিলেন, ইতিহাসে নিজের উত্তরাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নোবেল পুরস্কারকে ‘চূড়ান্ত স্বীকৃতি’ হিসেবে দেখেন তিনি।

অন্যদিকে সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন–এর ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যঙ্গাত্মক এক পোস্টে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের কথা উল্লেখ করেন। সেখানে তিনি কৌতুক করে লেখেন, ট্রাম্প অন্তত ৩৮ বার একই যুদ্ধের অবসান ঘটানোর দাবি করেছেন এবং ইতিহাসে কোনো প্রেসিডেন্ট একই যুদ্ধ এতবার শেষ করার দাবি করেননি।

সূত্র: দ্য হিল

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970