শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে মর্যাদা দিল বিশ্বব্যাংক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০২ এএম
তিন বছর আগেও ভয়াবহ অর্থনৈতিক সংকটে ধসে পড়ার মুখে ছিল শ্রীলঙ্কার অর্থনীতি। তবে সেই সংকট কাটিয়ে উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়ানো দেশটিকে এবার নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা দিয়েছে বিশ্বব্যাংক।
গত বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসে শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করায় এই পুনঃশ্রেণিবিন্যাস করা হয়েছে।
বিশ্বব্যাংক শ্রীলঙ্কার সাম্প্রতিক অগ্রগতিকে ‘পুনরুদ্ধারের এক গল্প’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির ভাষ্য, ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সংকটে দেশটি প্রায় ধসে পড়লেও শিল্প খাতের পুনরুদ্ধার, পর্যটন ও আর্থিক সেবা খাতের প্রবৃদ্ধির ফলে ২০২৫ সালে অর্থনীতি আবারও শক্তিশালী ভিত্তির দিকে এগিয়েছে।
বিশ্বব্যাংকের মতে, এই পুনঃশ্রেণিবিন্যাস শ্রীলঙ্কার অর্থনৈতিক স্থিতিস্থাপকতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তবে দেশটি খুব সামান্য ব্যবধানে উচ্চ মধ্যম আয়ের দেশের নির্ধারিত সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছে।
বিশ্বব্যাংক বিশ্বের দেশগুলোকে উচ্চ আয়, উচ্চ মধ্যম আয়, নিম্ন মধ্যম আয় এবং নিম্ন আয়—এই চারটি শ্রেণিতে ভাগ করে। শ্রীলঙ্কার নতুন অবস্থান সাম্প্রতিক অর্থনৈতিক সংকট থেকে পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, আগের ক্যালেন্ডার বছরের মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) বিবেচনায় এবারের শ্রেণিবিন্যাস করা হয়েছে। এতে বিশ্বের ২১৮টি দেশ ও অর্থনীতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা ২০২৭ সালের জুন পর্যন্ত বৈশ্বিক মানদণ্ড হিসেবে কার্যকর থাকবে।
২০১৯ সালের ইস্টার সানডে হামলা, পরবর্তী সময়ে করোনা মহামারি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকটের প্রভাবে ২০২২ সালে শ্রীলঙ্কা সার্বভৌম ঋণ পরিশোধে খেলাপি হয়ে পড়ে। এর ফলে দেশটির অর্থনীতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখোমুখি হয়।
বিশ্বব্যাংকের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তায় নেওয়া অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসূচি, রাজস্ব আয় বৃদ্ধি, মুদ্রানীতির সংস্কার এবং বৈদেশিক ঋণ পুনর্গঠনের অগ্রগতি দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ ছাড়া পর্যটন খাতের পুনরুজ্জীবন, প্রবাসী আয় বৃদ্ধি, বৈদেশিক খাতের উন্নতি এবং টানা দুই বছরের সংকোচনের পর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ফিরে আসাও শ্রীলঙ্কার এই সাফল্যের অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।