আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (৩ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তেহরানে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে সৌদি আরবের প্রতিনিধি দল চূড়ান্ত হয়নি বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হলেও শেষ পর্যন্ত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইরানের রাজধানীতে পৌঁছে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানায়।
আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইরান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে শুধুমাত্র বিদেশি প্রতিনিধিদের জন্য তার মরদেহ রাখা হয়। শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার কফিন উন্মুক্ত স্থানে রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। এর জেরে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলেও খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি প্রতিনিধি দল তেহরান সফর করেছে।
হামলার দিনই পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত তার মৃত্যুতে আনুষ্ঠানিক শোকবার্তা দেয়নি। বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে তারা মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করা থেকে বিরত রয়েছে।