চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৪৫ পিএম
বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির দাবি, প্রতিবেশী অঞ্চলের সার্বিক পরিস্থিতির ওপর তারা নিবিড়ভাবে নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।
শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।”
এর আগে তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহযোগিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভারতের সহায়তা পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপ অনুযায়ী পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়।
তিনি আরও বলেন, তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে আগেই জানানো হয়েছে। এ ইস্যুতে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ধরনের পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ বিবেচনায় রাখা হবে।
গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
অন্যদিকে, ভারত এ প্রকল্পকে নিজেদের স্বার্থের পরিপন্থী হিসেবে দেখলেও চীনা কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়।