ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে!
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪৯ পিএম
ময়মনসিংহ নগরীতে এক নারীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারীর চার ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগের তথ্য পেয়েছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
রোববার (৫ জুলাই) সকালে নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
নিহত রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ৩৬ বাড়ি কলোনিতে একটি বাসা ভাড়া নিয়ে বন্ধুদের সঙ্গে বসবাস করতেন। পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের ভাড়া বাসার একটি কক্ষে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় হামলাকারীরা বাসার সামনে রাখা রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছানার ওপর থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, শনিবার (৪ জুলাই) এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই নারীর চার ছেলে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরও জানান, দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক নজরুল ইসলাম ওই নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন।
এদিকে, পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। এ ঘটনায় রনি মিয়া (২৭) ও স্বজল (৩৫) নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।