চুরির অভিযোগে দড়িতে বেঁধে রাস্তায় ঘোরানো হলো যুবককে, ভিডিও ভাইরাল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৩৪ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে চুরির অভিযোগে এক যুবককে আটক করে গলা ও কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে স্থানীয়রা ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক যুবকের নাম সাগর হোসেন (৩০)। তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা বিপ্লব হোসেনের ছেলে। চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৩ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাগর হোসেনের গলা ও কোমরে দড়ি বাঁধা। একজন ব্যক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছেন, আর পেছনে কয়েকজন হেঁটে যাচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোন, টাকা, ব্যাগসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ ছিল। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনের ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয়রা সাগর হোসেনকে হাতেনাতে আটক করেন। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে এলাকায় ঘোরানোর পর দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দৌলতপুর থানায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। পরদিন শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, স্থানীয়রা চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ভিডিওটি তিনি দেখেছেন এবং একজন ব্যক্তিকে দড়িতে বেঁধে ঘোরানো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।