গাইবান্ধায় ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, অধ্যক্ষ বললেন কোন সমস্যা হবে না
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
গাইবান্ধার ফুলছড়ি সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, একটি কক্ষে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিলেও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, বিষয়টি শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি জানান, প্রশ্নপত্রে শুধু সালের পার্থক্য থাকলেও পরীক্ষা একই বিষয়ের হওয়ায় শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
অধ্যক্ষ বলেন, “বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে। এটি একটি অনিচ্ছাকৃত ভুল। বোর্ড জানিয়েছে, বিষয়টি বিবেচনায় নেওয়া হবে এবং শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হবে না।”
এদিকে পরীক্ষার্থীদের অভিযোগ, ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকরা অসাবধানতার কারণে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করেছেন। পরীক্ষা শেষে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন এবং কলেজ কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান।
পরে অধ্যক্ষ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং তাদের ফলাফলের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে না।