দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম
বিশ্বকাপে অভিষেক আসরেই ইতিহাস গড়ে দেশে ফিরেছে কেপ ভার্দে ফুটবল দল। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলগুলোর বিপক্ষে দারুণ লড়াই করে নজর কাড়া এই দলকে দেশে ফিরে দেওয়া হয়েছে বীরোচিত সংবর্ধনা।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই চমক দেখায় কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে তারা। এর মধ্য দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ড গড়ে কেপ ভার্দে।
শেষ ৩২-এ শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষেও অসাধারণ লড়াই উপহার দেয় দলটি। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় কেপ ভার্দে। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হেরে স্বপ্নের বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের।
বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর রাজধানীতে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনায় সিক্ত হন ফুটবলাররা। দলের অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনহা সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, “আমরা খুবই আনন্দিত এবং আমাদের বিশ্বকাপ যাত্রা নিয়ে গর্বিত। তবে আমরা আরও অনেক দূর যেতে চেয়েছিলাম।”
কেপ ভার্দের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ভোজিনহার। স্পেনের বিপক্ষে অভিষেক ম্যাচেই সাতটি দারুণ সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেন তিনি। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করেন এই গোলরক্ষক। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে আরও তিনটি সেভ করে দলের রক্ষণভাগে ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি।
তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়ান শেষ ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে। রোমাঞ্চকর সেই ম্যাচে কেপ ভার্দে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও একাই আটটি সেভ করেন ভোজিনহা। পুরো টুর্নামেন্টে চার ম্যাচে মোট ১৮টি সেভ করে নিজের অসাধারণ দক্ষতার প্রমাণ দেন তিনি। বয়সের তুলনায় তার ফিটনেস, ক্ষিপ্রতা, প্রতিক্রিয়া এবং নেতৃত্ব ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।