৯১ বছরের অপেক্ষার অবসান, প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় মুসলিম দেশ মিশর

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দীর্ঘ ৯১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশ মিশর। রুদ্ধশ্বাস টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি।

শুক্রবার দিবাগত রাত ১২টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় শেষ হয় লড়াই। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মিশর। ম্যাচের ১৩তম মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে দলকে এগিয়ে দেন ইমান আশুর। ফ্রি-কিক থেকে মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস বাড়ান আশুরের দিকে। প্রথম প্রচেষ্টা প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলেও দ্বিতীয় সুযোগে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে মিশরকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ফ্রি-কিক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মোহাম্মদ হানি। এরপর উভয় দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়েও দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় ফল নির্ধারণের দায়িত্ব যায় টাইব্রেকারের ওপর।

টাইব্রেকারের আগে গোলরক্ষক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্যাট্রিক বিচের জায়গায় মাঠে নামানো হয় ম্যাথু রায়ানকে। তবে সেই কৌশল সফল হয়নি। মিশরের চার ফুটবলারই নিখুঁতভাবে নিজেদের শট জালে পাঠান। বিপরীতে অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড় শট মিস করলে পঞ্চম শটের আগেই ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মিশর।

বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল মিশরের দ্বিতীয় নকআউট ম্যাচ। এর আগে ১৯৩৪ সালের বিশ্বকাপে একবার নকআউট পর্বে খেলেছিল তারা। তবে সে সময় পুরো টুর্নামেন্টই নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল।

আগামী ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার লড়াইয়ের বিজয়ী দলের মুখোমুখি হবে মিশর। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে সেই ম্যাচ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970