খামেনিকে শেষ বিদায় জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করলেন স্পিকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:০২ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে সংরক্ষিত আনুষ্ঠানিক শোক বইয়ে স্বাক্ষর করেন।

ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত শোকানুষ্ঠানে স্পিকার প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন।

এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে বাংলাদেশ ও ইরানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের পার্লামেন্টের স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।

সফরের অংশ হিসেবে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। এছাড়া ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে দূতাবাসের সেবার পরিধি আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করবেন বলেও জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে গত দিন তেহরানে পৌঁছান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970