নতুন পে-স্কেলের গেজেট কবে? যা জানালেন অর্থ উপদেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গেজেট চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তবে গেজেট কবে প্রকাশ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।

তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আগে একটি পর্যালোচনা করা হয়েছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই পর্যায়ক্রমে পে-স্কেল কার্যকর করা হবে। প্রথম ধাপে মূল বেতন বা বেসিক বাড়ানো হবে বলেও জানান তিনি।

এর আগে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোয় চাকরিজীবীরা বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন পে-স্কেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত সরকার নতুন পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করেনি। ফলে কোন গ্রেডে কত বেতন বাড়বে বা ভাতা কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করে চলতি মাসের মাঝামাঝি অথবা শেষ নাগাদ গেজেট প্রকাশ করা হতে পারে। গেজেট প্রকাশে কিছুটা সময় লাগলেও নতুন কাঠামো কার্যকর হওয়ার পর বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি নতুন বেতন কাঠামোর খসড়া রূপরেখা তৈরি করেছে। বর্তমানে সেই খসড়ার ওপর ভিত্তি করে চূড়ান্ত পর্যালোচনা চলছে। এতে বেতন বৃদ্ধির হার, কত ধাপে বাস্তবায়ন হবে এবং মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলার বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালে জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশন সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব দেয়। পাশাপাশি বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করাসহ বিভিন্ন ভাতা সংস্কারের সুপারিশও করা হয়।

সরকারি সূত্র বলছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই নতুন পে-স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970