আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:০২ এএম
জাতীয় সংসদে অর্থবিল-২০২৬-এর ওপর একটি সংশোধনী প্রস্তাবে ভোটগ্রহণের সময় টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী আমিনুল হককে ভোটদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যক্রমের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল-২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপন করেন। এ সময় সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হক ভোট দিতে উদ্যত হলে বিষয়টি স্পিকারের নজরে আসে।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আমিনুল হককে উদ্দেশ করে বলেন, “আপনি এ ভোটে অংশ নিতে পারবেন না। কারণ আপনি নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এ ধরনের ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন না।”
স্পিকারের নির্দেশনার পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। এ ঘটনায় সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে তাৎক্ষণিকভাবে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, আমিনুল হক একজন টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী। তিনি নির্বাচিত সংসদ সদস্য নন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা সংসদীয় কার্যক্রমে অংশ নিতে পারলেও ভোটদানের অধিকার তাদের নেই।