আসিফ মাহমুদের অনুরোধেই সরকারপ্রধানের দায়িত্ব নিই: ড. ইউনূস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪৯ এএম
নোবেল শান্তি পুরস্কারজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণে তাকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৮ জুন) সাভারের জিরাবোতে অবস্থিত একটি সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপ আয়োজিত ১৬তম সামাজিক ব্যবসা দিবসের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সেদিনের স্মৃতিচারণ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আসিফই সেই তরুণ, যে আমাকে এই দায়িত্ব গ্রহণে জোর দিয়েছিল।”
তিনি জানান, শেখ হাসিনা সরকারের পতনের সময় তিনি প্যারিস অলিম্পিক উপলক্ষে ফ্রান্সে অবস্থান করছিলেন। সে সময় আসিফ মাহমুদ বারবার ফোনে যোগাযোগ করে তাকে দেশে ফিরে সরকারের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান। তবে শুরুতে তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি।
ড. ইউনূস বলেন, তিনি আসিফকে বারবার বলেছিলেন অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য। কারণ, তিনি নিজেকে এ ধরনের দায়িত্বের জন্য উপযুক্ত মনে করতেন না এবং নিজের পছন্দের কাজ নিয়েই থাকতে চেয়েছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, জবাবে আসিফ মাহমুদ বলেন, “অনেক দেরি হয়ে যাচ্ছে। পুরো দেশ একটি সরকারের জন্য অপেক্ষা করছে। আপনি রাজি না হওয়ার কারণে তিন দিন ধরে দেশে কোনো সরকার নেই।”
ড. ইউনূস জানান, আসিফের এই কথার পরই তিনি দায়িত্ব গ্রহণে সম্মতি দেন। এরপর আসিফ মাহমুদ তাকে দ্রুততম সময়ে বিমানের টিকিট কেটে প্রথম ফ্লাইটে দেশে ফিরে আসার অনুরোধ করেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের আরেক নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামেরও প্রশংসা করেন ড. মুহাম্মদ ইউনূস। তাকে উদ্দেশ করে তিনি বলেন, “সে শুধু একজন ব্যক্তি নয়, সে নিজেই একটি ইতিহাস।”
ড. ইউনূস বলেন, কঠোর দমন-পীড়নের মধ্যেও নাহিদ ইসলাম ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দাবি করেন, আন্দোলন দমনে সহিংসতা চালানো হয়েছিল এবং তিন সপ্তাহে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই পরিস্থিতিতেও নাহিদ ইসলাম আন্দোলনের সামনের সারিতে ছিলেন।