কারাগারে হঠাৎ অসুস্থ ডা. দীপু মনি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৩১ এএম
মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে কারাগারে তিনি অসুস্থ বোধ করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এদিকে, তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ বা বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।