ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪৪ এএম
বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘদিন পর আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) এই সেবা চালু হলেও সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।
আবেদন গ্রহণের প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা প্রদান স্থগিত করেছিল। পরে সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা বন্ধই ছিল।
সম্প্রতি নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর সেই স্থবিরতা কাটতে শুরু করেছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কেন্দ্রেও এই সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।