পরীক্ষায় নকল ও ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:২৩ এএম

ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নফাঁস ও ডিজিটাল কারসাজি প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে নতুন একটি সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে ডিজিটাল কারসাজির মাধ্যমে পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে।

রোববার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বিলটি পর্যালোচনার জন্য সংসদীয় কমিটিকে পাঠানো হয়েছে এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৪৫ বছর আগে প্রণীত ‘দি পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০’ অনুযায়ী এতদিন নকল, প্রশ্নপত্র ফাঁস, জাল সনদ তৈরি ও পরীক্ষায় অন্যান্য অনিয়ম দমনের ব্যবস্থা ছিল। তবে প্রযুক্তির বিস্তার এবং ডিজিটাল মাধ্যমে অপরাধ সংঘটনের নতুন প্রবণতার কারণে বিদ্যমান আইনের বিভিন্ন ধারা সময়োপযোগী নেই।

প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত পরীক্ষাসংক্রান্ত অপরাধকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছ, সুষ্ঠু ও অসদুপায়মুক্ত পরীক্ষা আয়োজন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিলের গুরুত্বপূর্ণ সংযোজনগুলোর মধ্যে রয়েছে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ শব্দটির সংজ্ঞা অন্তর্ভুক্ত করা। এর আওতায় সাইবার পদ্ধতিতে পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ বা যেকোনো ধরনের ডিজিটাল কারসাজিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।

এ ধরনের অপরাধে দোষী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া সংঘবদ্ধভাবে প্রশ্নফাঁস, পরীক্ষায় জালিয়াতি বা এসব অপরাধ সংঘটনের উদ্দেশ্যে চক্র গঠন ও পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর জন্য আরও কঠোর শাস্তি ও আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে।

সরকারের মতে, ডিজিটাল যুগে পাবলিক পরীক্ষার স্বচ্ছতা, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে নতুন এই সংশোধনী আইন সময়ের দাবি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970