ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪০ এএম

ছবি: সংগৃহীত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করায় জামায়াতের সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে নতুন রাজনৈতিক দল এনসিপিকে অতীতের কোনো বিতর্ক বা কলঙ্কের বোঝা না টেনে স্বচ্ছ রাজনৈতিক অবস্থান গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে বিরোধী দলের সদস্যদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের ভূমিকার জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু তারা তা করেননি। তিনি বলেন, সে সময় দলের নেতা অধ্যাপক গোলাম আযমও দাবি করেছিলেন, ১৯৭১ সালে তারা কোনো ভুল করেননি। এখনও সময় আছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেশের মানুষের সামনে তুলে ধরা উচিত।

তিনি আরও বলেন, অতীতের ভুল স্বীকার করলে জামায়াতের জন্য রাজনীতি করা আরও সহজ হবে।

এ সময় তরুণদের রাজনৈতিক দল এনসিপির সংসদীয় কার্যক্রমের প্রশংসা করেন মির্জা ফখরুল। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, দলটি যেন ভবিষ্যতে এমন কোনো রাজনৈতিক কলঙ্ক বহন না করে, যারা বাংলাদেশের অস্তিত্বকেই একসময় অস্বীকার করেছিল। স্বচ্ছ ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে তারা আরও ভালো করবে বলেও প্রত্যাশা জানান তিনি।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পুনরুদ্ধার, পুনঃস্থাপন এবং পুনর্গঠন—এই তিনটি মূল ভিত্তিকে সামনে রেখে বাজেট প্রণয়ন করেছেন। সরকারের লক্ষ্য আগামী এক বছরে অর্থনীতি স্থিতিশীল করা, তিন বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং পাঁচ বছরের মধ্যে কাঠামোগত পরিবর্তন সম্পন্ন করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ২০০২ সালে চীন সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনে তারেক রহমানকে তার বাবা-মায়ের আদর্শ ও নেতৃত্বের ধারক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি দাবি করেন, বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের পতাকা বহন করে চীন সফর করেছেন এবং সেই মর্যাদা নিয়েই দেশে ফিরেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970