ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি ৩৯
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:১৭ পিএম
ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণের ঘটনায় চারদিকে গ্যাস ছড়িয়ে পড়ে। তীব্র গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গুলপুকুর পাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিলিন্ডার থেকে নির্গত গ্যাস আশপাশে ছড়িয়ে পড়লে অনেকেই শ্বাসকষ্ট ও অস্বস্তিতে ভুগতে শুরু করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, ভর্তি হওয়া রোগীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের পর কোনো আগুন লাগেনি।
তিনি আরও জানান, গ্যাস ছড়িয়ে পড়ায় আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দারা শ্বাসকষ্ট ও অস্বস্তিতে আক্রান্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।