চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই লাইটার জাহাজের সংঘর্ষ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৩২ এএম
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষে এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই জাহাজ ডুবে গেছে। তবে দুর্ঘটনায় জাহাজে থাকা সব নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কর্ণফুলী নদীর বঙ্গোপসাগরসংলগ্ন মোহনায় ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর এমভি বে হারবার-২ জাহাজের ১২ জন নাবিক নিখোঁজ হন। খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে কোস্ট গার্ড ৮ জনকে উদ্ধার করে।
এদিকে বাকি চার নাবিক ভাসতে ভাসতে পারকি সমুদ্র সৈকত এলাকায় পৌঁছে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরও নিরাপদে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে।