বিশ্বকাপ থেকে বিদায়, তবু গ্যালারি পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপানি সমর্থকরা
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০৩ পিএম
বিশ্বকাপের শেষ-৩২ পর্ব থেকে বিদায় নিতে হলেও নিজেদের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখেছেন জাপানের সমর্থকেরা। ব্রাজিলের বিপক্ষে নাটকীয় হারের পরও তারা স্টেডিয়ামের গ্যালারিতে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন।
সোমবার (২৯ জুন) হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল-জাপান ম্যাচ শেষে হাতে থাকা নীল রঙের ব্যাগ নিয়ে গ্যালারির বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল, কাগজ ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করতে দেখা যায় জাপানি সমর্থকদের। পুরো ম্যাচে দলকে উৎসাহ দিতে ব্যবহৃত ব্যাগই পরে তারা পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করেন।
বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই ব্যতিক্রমী উদ্যোগ নতুন কিছু নয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে প্রথম অংশগ্রহণের পর থেকেই প্রতিটি ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করার ঐতিহ্য বজায় রেখে আসছেন তারা। প্রায় তিন দশক ধরে বিশ্বকাপের প্রতিটি আসরে এই সংস্কৃতির মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন জাপানের ফুটবলপ্রেমীরা।
মাঠের খেলায় অবশ্য শেষ হাসি হেসেছে ব্রাজিল। ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। তবে দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।
যদিও বিশ্বকাপের নকআউট পর্বে এখনও জয়হীন জাপান, তবুও মাঠের ফলাফলের বাইরে পরিচ্ছন্নতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আবারও বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন দেশটির সমর্থকেরা।