টাইব্রেকারের রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোতে মরক্কো

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪১ এএম

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত নৈপুণ্যে জয় তুলে নেয় আফ্রিকার দলটি।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে উভয় দলই একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে যায় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় অচলাবস্থা বজায় ছিল। তবে ৭২তম মিনিটে ভারব্রুগেনের দীর্ঘ গোলকিক থেকে ওয়াউট ভেগহর্স্টের হেড পেয়ে বল যায় কোডি গাকপোর কাছে। সুযোগটি কাজে লাগিয়ে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে পরাস্ত করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচ যখন নেদারল্যান্ডসের দিকেই ঝুঁকে পড়েছিল, তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে বাম প্রান্ত থেকে আদাম তালবির দারুণ ক্রসে শক্তিশালী হেডে গোল করেন ইসা দিওপ। সেই গোলে ১-১ সমতায় ফিরে মরক্কো এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও দুই দল গোল করতে ব্যর্থ হলে ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। স্নায়ুচাপের লড়াইয়ে দুই দলই একাধিক শট নষ্ট করে। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের ক্রাইসেনসিও সামারভিলের নেওয়া শেষ পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ইয়াসিন বুনু। তার সেই সেভেই ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মরক্কো।

আগামী শনিবার (৪ জুলাই) রাউন্ড অব সিক্সটিনে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970